Chapter (অধ্যায়): ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ পৃষ্ঠা ১৮৪Page: 184 of 1170


একটি ইংরেজি বাদ্যযন্ত্র (Piano) রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে -- অন্তঃপুরে যাওয়া যায়।

সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্মসমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু-একটি ভক্তসঙ্গে বেদীতে বসিয়া উপাসনাকার্য সম্পন্ন করিবেন।

গ্রীষ্মকাল -- আজ বুধবার (২০শে বৈশাখ), চৈত্র কৃষ্ণা দশমী তিথি। ২রা মে, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনাগৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাঁহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবামাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন --

নরেন্দ্র আমায় বলেছিল, ‘সমাজমন্দির প্রণাম করে কি হয়?’

“মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে -- উদ্দীপন হয়। যেখানে তাঁর কথা হয় সেইখানে তাঁর আবির্ভাব হয়, -- আর সকল তীর্থ উপস্থিত হয়। এ-সব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে।

“একজন ভক্ত বাবলাগাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল! -- এই মনে করে যে, এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়।

“একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে, গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল!

“মেঘ দেখে -- নীলবসন দেখে -- চিত্রপট দেখে -- শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হত। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় ‘কোথায় কৃষ্ণ!’ বলে ব্যাকুল হতেন।”

ঘোষাল -- উন্মাদ তো ভাল নয়।

শ্রীরামকৃষ্ণ -- সে কি গো? একি বিষয়চিন্তা করে উন্মাদ, যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবানচিন্তা করে হয়! প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ -- কি শুন নাই?

[উপায় -- ঈশ্বরকে ভালবাসা ও ছয় রিপুকে মোড় ফিরানো ]

একজন ব্রাহ্মভক্ত -- কি উপায়ে তাঁকে পাওয়া যায়?

শ্রীরামকৃষ্ণ -- তাঁর উপর ভালবাসা। -- আর এই সদাসর্বদা বিচার -- ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য।

“অশ্বত্থই সত্য -- ফল দুদিনের জন্য।”

ব্রাহ্মভক্ত -- কাম, ক্রোধ, রিপু রয়েছে, কি করা যায়?

শ্রীরামকৃষ্ণ -- ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও

“আত্মার সহিত রমণ করা, এই কামনা।

“যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ। তাঁকে পাবার লোভ। ‘আমার আমার’ যদি করতে হয়, তবে তাঁক লয়ে। যেমন -- আমার কৃষ্ণ, আমার রাম। যদি

 



Foot Note: