Chapter (অধ্যায়): শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে ও কলিকাতায় চৈতন্যলীলা-দর্শন পৃষ্ঠা ৫৭১Page: 571 of 1170


নব তরঙ্গ নব প্রসঙ্গ ধরাভার ধারণ।

তাপহারী প্রেমবারি, বিতর রাসরসবিহারী,

দীনআশ-কলুষনাশ দুষ্ট-ত্রাসকারণ।

স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন।

নবদ্বীপের গঙ্গাতীর -গঙ্গাস্নানের পর ব্রাহ্মণেরা, মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন, আর বললেন, আরে বেল্লিক! বিষ্ণুপূজার নৈবিদ্যি কেড়ে নিচ্ছিস -সর্বনাশ হবে তোর! নিমাই তবুও কেড়ে নিলেন, আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চৈঃস্বরে ডাকিতে লাগিল, নিমাই, ফিরে আয়; নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না।

একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন। তিনি “হরিবোল হরিবোল” বলিতে লাগিলেন। অমনি নিমাই ‘হরিবোল’ ‘হরিবোল’ বলিতে বলিতে ফিরিলেন।

মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন। বলিতেছেন, আহা!

ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না। ‘আহা’ বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্রু বির্সজন করিতেছেন।

শ্রীরামকৃষ্ণ (বাবুরাম ও মাস্টারকে) -দেখ, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না। ঐহিকেরা ঢঙ মনে করবে।

নিমাই-এর উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনিগণ চতুর্দিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন:

   দে গো ভিক্ষা দে।

আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে।

ওগো ব্রজবাসী তোদের ভালবাসি,

ওগো তাইতো আসি, দেখ মা উপবাসী।

দেখ মা দ্বারে যোগী বলে ‘রাধে রাধে’।

বেলা গেল যেতে হবে ফিরে,

একাকী থাকি মা যমুনাতীরে

আঁখিনীরে মিশে নীরে,

চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে।

সকলে চলিয়া গেলেন। নিমাই একাকী আছেন। দেবগণ ব্রাহ্মণ-ব্রাহ্মণী বেশে তাঁহাকে স্তব করিতেছেন।

পুরুষগণ -চন্দ্রকিরণ অঙ্গে, নমো বামনরূপধারী।

স্ত্রীগণ -গোপীগণ মনোমোহন, মঞ্জুকুঞ্জচারী।

নিমাই -জয় রাধে শ্রীরাধে।



Foot Note: