Chapter (অধ্যায়): শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্তমন্দিরে আগমন - শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটীতে উৎসব পৃষ্ঠা ৮১৫Page: 815 of 1170


        মহিমা - আজ্ঞা, যা বলেছেন। দুই-ই সত্য।

        শ্রীরামকৃষ্ণ - আপনি দেখলে, ওর (গিরিশের) কি বিশ্বাস! জল খেতে ভুলে গেল। আপনি যদি না মানতে, তাহলে টুঁটু ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হল। দুজনের পরিচয় হল, আর আমারও অনেকটা জানা হল।

চতুর্থ পরিচ্ছেদ

ঠাকুর কীর্তনানন্দে

কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত। ঘরের মাঝখানে বসিয়া আছে। ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন।

        রাম (শ্রীরামকৃষ্ণের প্রতি) - আপনি বলুন এরা কি গাইবে?

        শ্রীরামকৃষ্ণ - আমি কি বলব? - (একটু চিন্তা করিয়া) আচ্ছা, অনুরাগ।

        কীর্তনিয়া পূর্বরাগ গাইতেছেন:

               আরে মোর গোরা দ্বিজমণি।

               রাধা রাধা বলি কান্দে, লোটায় ধরণী।।

               রাধানাম জপে গোরা পরম যতনে।

               সুরধুনী ধারা বহে অরুণ নয়নে।।

               ক্ষণে ক্ষণে গোরা অক্ষগ ভূমে গড়ি যায়।

               রাধানাম বলি ক্ষণে ক্ষণে মুরছায়।।

               পুলকে পুরল তনু গদ গদ বোল।

               বাসু কহে গোরা কেন এত উতরোল।।

        কীর্তন চলিতে লাগিল। যমুনাতটে প্রথম কৃষ্ণদর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন:

               ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়।

               মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়।।

                       (রাই এমন কেনে বা হৈল)।

               গুরু দুরু জন, ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল।।

               সদাই চঞ্চল, বসন অঞ্চল, সম্বরণ নাহি করে।

               বসি বসি থাকি, উঠয়ে চমকি, ভূষণ খসিয়া পড়ে।।

               বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুলবধূ বালা।

               কিবা অভিলাষে, আছয়ে লালসে, না বুঝি তাহার ছলা।।

               তাহার চরিতে, হেন বুঝি চিতে, হাত বাড়াইল চান্দে।

               চণ্ডীদাস কয়, করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফান্দে।।

        কীর্তন চলিতে লাগিল - শ্রীমতীকে সখীগণ বলিতেছেন:

               কহ কহ সুবদনী রাধে! কি তোর হইল বিরোধে।।

               কেন তোরে আনমন দেখি। কাহে নখে ক্ষিতি তলে লিখি।।



Foot Note: