Chapter (অধ্যায়): ভূমিকা পৃষ্ঠা ৩Page: 3 of 320
ভূমিকা
১৮৯৩ খ্রীষ্টাব্দে চিকাগোতে সে বিশ্বমেলা হয়েছিল, ধর্ম-মহাসভা সেই উপলক্ষ্যে অনুষ্ঠিত একটি সম্মেলন। পাশ্চাত্যদেশে আজকাল যে সকল বিরাট আন্তর্জাতিক প্রদর্শনী প্রায় অনুষ্ঠিত হয়ে থাকে, সেগুলির সঙ্গে সাহিত্য-কলা-এবং বিজ্ঞান-সম্মেলন সংশ্লিষ্ট করাও একটা রীতি হয়ে দাড়িয়েছে। যে বিষয়গুলি মানবজাতির পক্ষে কল্যাণকর, তাদের ইতিহাসে এরকম প্রত্যেকটি অধিবেশন যে স্মরণীয় হয়ে থাকবে, তাও আশা করা যায়। আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষ্যে মহা-সন্মেলনে একত্র-মিলিতমানুষেরা চিকিৎসাবিজ্ঞান, আইনবিদ্যা, যন্ত্রবিজ্ঞান এবং জ্ঞানের অন্যান্য শাখার তাত্ত্বিক গবেষণা ও কার্যকর আবিষ্কারের আদান-প্রদান প্রভৃতি বিষয়গুলির উন্নতি সাধনকেই তাদের লক্ষ্য বলে মনে করেন। মার্কিন সাহস ও মৌলিক মনোভাব নিয়ে চিকাগোবাসিগণই ভাবতে পেরেছিল যে, পৃথিবীর প্রধান ধর্মগুলির একত্র সমাবেশই হবে এই-সকল সম্মেলনের মধ্যে শ্রেষ্ঠ সম্মেলন। এই-সকল ধর্মের প্রতিনিধিগণের প্রত্যেকে নিজ ধর্মবিশ্বাসের পক্ষে যে-সকল যুক্তি উপস্থাপিত করবেন, আন্তরিক গভীর সহানুভূতি সহকারে তা শুনতে হবে-এরূপ সঙ্কল্পও করা হয়েছিল। এইরূপ সমমর্ষাদার ও সুনিয়ন্ত্রিত বাক্-স্বাধীনতার ক্ষেত্রে মিলিত হয়ে প্রতিনিধিগণ যে সংসদ গঠন করবেন, তা হবে একটি ধর্ম-মহাসভা। তার ফলে ‘বিভিন্ন জাতির ধর্মগুলির মধ্যে ভ্রাতৃভাবপূর্ণ মিলনের প্রয়োজনীয়তা’ জগতের মানসপটে সুস্পষ্টভাবে অঙ্কিত হবে।
প্রতিনিধি প্রেরণের জন্য যে নিমন্ত্রণ ও যথারীতি নির্বাচনের প্রয়োজন, সে বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থেকেই দক্ষিণভারতীয় অল্প কয়েকজন শিষ্য তাদের গুরুদেবকে বোঝাতে তৎপর হল যে, হিন্দুধর্মের পক্ষে বক্তৃতা দেবার জন্য এই সন্মেলনে তার উপস্থিত থাকা প্রয়োজন। অগাধ বিশ্বাসবশত তাদের মনেই হয় নি, তারা এমন কিছু দাবি করেছে, যা মানুষের পক্ষে অসম্ভব। তারা ভেবেছিল, বিবেকানন্দ সেখানে উপস্থিত হলেই বক্তৃতা দেবার সুযোগ পাবেন। স্বামীজীও শিষ্যগণের মতোই জাগতিক রীতিনীতি ব্যাপারে অনভিজ্ঞ ছিলেন। যখন তিনি নিশ্চিতভাবে জানলেন যে, এই কাজে তিনি ঈশ্বরেরআদেশ লাভ করেছেন, তখন এ কাজে আর কোন বাধা থাকতে পারে, স্বামীজী একথা ভাবলেন না। যথারীতি বিজ্ঞপ্তি ও পরিচয়প্রত্রাদি ছাড়াই হিন্দুধর্মের প্রতিনিধি জগতের সমৃদ্ধি ও শক্তির সুরক্ষিত দ্বারে প্রবেশ করতে চললেন-এই ঘটনা ছাড়া হিন্দুধর্মের সংঘবদ্ধহীনতার বৈশিষ্ট্য আর অন্য কোন উপায়ে স্পষ্টতর হতে পারত না।
১ পাঠকের অবগতির জন্য এখানে বলে রাখা ভাল যে, এই বিশ্বমেলা উপলক্ষ্যে চারটি সমাবেশ হয়েছিল।

