Chapter (অধ্যায়): কৈবল্য-পাদ পৃষ্ঠা ৩১৩Page: 313 of 320


কর্মাশুক্লাকৃষ্ণং যোগিনস্ত্রিবিধমিতরেবাম্ ।।৭।।

-যোগীদের কর্ম কৃষ্ণও নয়, শুক্লও নয়, কিন্তু অন্যান্য ব্যক্তির পক্ষে কর্ম তিনরকম- অর্থাৎ শুক্ল, কৃষ্ণ ও মিশ্র।

যখন যোগী সিদ্ধি বা পূর্ণতা লাভ করেন, তখন তাঁর কর্ম ও ওই কর্মের মাধ্যমে যেসব কর্মফল উৎপন্ন হয়, সেগুলো আর তাঁকে বাঁধতে পারে না; কারণ তিনি তো সেগুলি চাননি। তিনি কেবল কর্মই করে যান। তিনি অন্যের মঙ্গলের জন্য কর্ম করেন, কল্যাণকারী কর্ম করেন, কিন্তু ফলের দিকে তাকান না, অতএব কর্মফল তাঁকে স্পর্শ করবে না। কিন্তু সাধারণ মানুষের কথা আলাদা; যারা এই সর্বোচ্চ অবস্থা লাভ করেনি, তাদের পক্ষে কর্ম তিনপ্রকার -কৃষ্ণ (অসৎ বা অশুভ কর্ম), শুক্ল (সৎ বা শুভ কর্ম) ও মিশ্র।

ততস্তদ্বিপাকানুগুণানামেবাভিব্যক্তির্বাসনানাম্ ।।৮।।

-এই তিনপ্রকার কর্ম থেকে কেবল সেই বাসনাগুলি প্রকাশিত হয়, যেগুলি সেই অবস্থায় প্রকাশ পাওয়ার উপযুক্ত। (অন্যগুলি সেই সময়ের জন্য স্তিমিতভাবে থাকে।)

মনে করো, আমি সৎ, অসৎ, ও মিশ্রিত- এই তিন রকম কর্মই করলাম; তারপর মনে করো, আমার মৃত্যু হলো, আমি স্বর্গে দেবতা হলাম। মানুষের দেহের বাসনা আর দেবতার দেহের বাসনা একরকম নয়। দেবতার শরীর ভোজন বা পান কিছুই করে না। তাহলে আত্মার যে প্রাক্তন অভুক্ত কর্ম আহার ও পানের বাসনা সৃজন করেছে, সেগুলো কোথায় যাবে? আমি যদি দেবতা হই, তাহলে এই কর্ম কোথায় যাবে? এর উত্তর এই যে, বাসনা উপযুক্ত পরিবেশ ও ক্ষেত্র পেলেই প্রকাশিত হতে পারে। যেসব বাসনার প্রকাশের উপযুক্ত পরিবেশ হয়েছে, শুধুমাত্র সেগুলিই প্রকাশ পাবে; অবশিষ্টগুলি সঞ্চিত হয়ে থাকবে। এই জীবনেই আমাদের অনেক দেবোচিত, অনেক মনুষ্যোচিত ও অনেক পাশব বাসনা রয়েছে। আমি যদি দেবদেহ ধারণ করি, তবে শুধুমাত্র শুভ বাসনাগুলি ফলপ্রদানে উন্মুখ হবে, কারণ সেগুলি প্রকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আমি যদি পশুর দেহ ধারণ করি, তাহলে কেবল পাশব বাসনাগুলোই সামনে এগিয়ে আসবে। শুভ বাসনাগুলো তখনও অপেক্ষা করতে থাকবে। এর থেকে কী প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে, উপযুক্ত পরিবেশের সাহায্যে এই বাসনাগুলি আমরা দমন করতে পারি। যে কর্ম সেই বিশেষ পরিবেশের উপযোগী, শুধুমাত্র তা-ই প্রকাশ পাবে। এতে প্রমাণিত হচ্ছে যে, পরিবেশের শক্তিতে কর্মকেও নিয়ন্ত্রণ করা যায়।

জাতিদেশকালব্যবহিতানামপ্যানন্তর্যং স্মৃতিসংস্কারয়োরেকরূপত্বাৎ ।।৯।।

-স্মৃতি ও সংস্কার একরকম বলে জাতি, দেশ ও কাল ব্যবহিত হলেও বাসনার ‘আনন্তর্ষ’ হবে।



Foot Note: