Chapter (অধ্যায়): নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় পৃষ্ঠা ৫২Page: 52 of 320
-গৃহী ব্যক্তি এইভাবে ভাই-বোন,ভাইপো,ভাগনে,জ্ঞাতি,বন্ধু ও ভৃত্যগণকে প্রতিপালন এবং তাদের সন্তোষ বিধান করবেন। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্মনিরত, একগ্রামবাসী, অভ্যাগত ও উদাসীনগণকে প্রতিপালন করবেন। হে দেবি! বিত্ত থাকা সত্ত্বেও যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন, তবে তাকে পশু বলে জানতে হবে; তিনি লোকসমাজে নিন্দনীয় ও পাপী।
নিদ্রালস্যং দেহযত্নং কেশবিন্যাসমেব চ
আসক্তিমশনে বস্ত্রে নাতিরিক্তং সমাচরেৎ।।
যুক্তাহারো যুক্তনিদ্রো মিতবাষ্মিতমৈথুনঃ।
স্বচ্ছো নম্রঃ শুচির্দক্ষো যুক্তঃ স্যাৎ সর্বকর্মসু।।১
-গৃহী ব্যক্তি অতিরিক্ত নিদ্রা,আলস্য,দেহের যত্ন,কেশবিন্যাস এবং অশন-বসনে আসক্তি ত্যাগ করবে। গৃহী ব্যক্তি আহার,নিদ্রা,বাক্য,মৈথুন-এ-সকলই পরিমিত-ভাবে করবে। গৃহস্থ অকপট, নম্র, বাইরে অন্তরে শৌচসম্পন্ন, সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হবে।
শূরঃ শত্রৌ বিনীতঃ স্যাৎ বান্ধবে গুরুসন্নিধৌ।২
-গৃহী ব্যক্তি শত্রুর সামনে শৌর্য বীর্য অবলম্বন করবে এবং গুরু ও বন্ধুগণের কাছে বিনীত থাকবে।
শত্রুগণকে বীর্যপ্রকাশ করে শাসন করতে হবে। এটা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এককোণে বসে কাঁদবে না, অপ্রতিকার-বিষয়ক বাজে কথা বলবে না। গৃহস্থ যদি শত্রুগণের কাছে শৌর্য প্রদর্শন না করে, তা হলে তার কর্তব্যের অবহেলা করা হয়। কিন্তু বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও গুরুর কাছে তাকে মেষতুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করতে হবে।
জুগুপ্সিতান্ ন মন্যেত নাবমন্যেত মানিনঃ।।৩
-নিন্দিত অসৎ ব্যক্তিদেরকে সন্মান দেবে না এবং সন্মানের যোগ্য ব্যক্তিগণের অবমাননা করবে না।
অসৎ ব্যক্তিকে সন্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয়; কারণ তাতে অসদ্বিষয়েরই প্রশ্রয় দেওয়া হয়। আবার যারা সম্মানের যোগ্য, তাদেরকে যদি গৃহস্থ সম্মান না করেন, সেটাও তার পক্ষে মহা অন্যয়।
সৌহার্দ্যং ব্যবহারাংশ্চ প্রবৃত্তিং প্রকৃতিং নৃণাম্।
সহবাসেন তর্কৈশ্চ বিদিত্বা বিশ্বসেত্ততঃ।।৪
-একত্রবাস ও সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জেনে তবে তাদের উপর বিশ্বাস করবে।
গৃহস্থ যে-কোন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে না, যেখানে সেখানে গিয়ে লোকের
১ ঐ-৮।৫১-৫২ ২ ঐ-৮।৫৩ ৩ ঐ-৮।৫৩ ৪ ঐ-৮।৫৪

