Chapter (অধ্যায়): নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় পৃষ্ঠা ৫৬Page: 56 of 320
অবশেষে আসলেন এক যুবা সন্ন্যাসী; রাজা তাকেও একই প্রশ্ন করাতে সন্ন্যাসী বললেন, ‘হে রাজন্, নিজ নিজ কর্মক্ষত্রে প্রত্যেকেই বড়।’ রাজা বললেন, ‘এ-কথা প্রমাণ করুন।’ সন্ন্যাসী বললেন, ‘হাঁ, আমি প্রমাণ করব; তবে আসুন, কিছুদিন আপনাকে আমার মতো থাকতে হবে, তবেই যা বলেছি, তা আপনার কাছে প্রমাণ করতে পারব।’ রাজা সন্মত হলেন এবং সন্ন্যাসীর অনুগামী হয়ে রাজ্যের পর রাজ্য অতিক্রম করে আর এক বড় রাজ্যে উপস্থিত হলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহাসমারোহ-ব্যাপার চলছিল। রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানাপ্রকার বাদ্যধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনতে পেলেন। পথে লোকেরা সুসজ্জিত হয়ে কাতারে কাতারে দাড়িয়ে আছে-আর ঢেঁরা পেটা হচ্ছে। রাজা ও সন্ন্যাসী দাড়িয়ে দেখতে লাগলেন, ব্যাপারটা কি। ঘোষণাকারী চিৎকার করে বলছিল, ‘এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হবেন।’ ভারতের প্রাচীনকাল থেকেই এইভাবে রাজকন্যগণের স্বয়ংবরা হবার প্রথা প্রচলিত ছিল। কিরকম বর মনোনীত করবেন, সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল। কারুরও ভাব-বর যেন পরম সুন্দর হয়, কারুরও আকাঙ্ক্ষা কেবল অতিশয় বিদ্বান বরের, কেউ কেউ আবার চান খুব ধনী বর, ইত্যাদি। নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করে রাজকন্যার সন্মুখীন হতেন। কখন কখন তাদেরও ঘোষণাকারী থাকত; সে রাজপুত্রের গুণাবলী, কি কারণে তিনি রাজকন্যার মনোনীত হবার যোগ্য পাত্র-তা বর্ণনা করত। সিংহাসনে সমাসীনা সুসজ্জিতা রাজকন্যাকে সভার চতুর্দিকে বহন করে নিয়ে যাওয়া হত; তিনি সমবেত রাজপুত্রগণের একজনের দিকে তাকিয়ে দেখতেন, এবং কে কিরূপ গুণবান তা শুনতেন। এইরূপ দেখে বাহকদিগকে বলতেন, ‘এগিয়ে চল’; তখন সেই প্রত্যাখ্যাত পাণিপ্রার্থীদের দিকে আর কেউ তাকিয়েও দেখত না। কিন্তু এদের মধ্যে কেউ যদি রাজকন্যার মনোমত হতেন, তবে রাজকন্যা তার গলদেশে বরমাল্য অর্পণ করতেন এবং তিনিই রাজকন্যার স্বামী হতেন।
যে-দেশে আমাদের পূর্ব-কথিত রাজা ও সন্ন্যাসী এসেছেন, সেই দেশের রাজকন্যার এরকম স্বয়ংবর-সভা হয়েছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন; ঘোষিত হয়েছিল যে, রাজার মৃত্যুর পর রাজকন্যাই রাজ্য লাভ করবেন। এই রাজকন্যার ইচ্ছা ছিল, সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন, কিন্তু তার মনের মতো সুপুরুষকে পাওয়া যাচ্ছিল না। অনেকবার এইরকম স্বয়ংবর-সভা ডাকা হয়,তবু রাজকন্যা কাউকেও মনোনীত করতে পারেন নি। এই স্বয়ংবরসভাই সব চেয়ে বড় হয়েছিল। এই সভায় আগের আগের বার থেকে অধিকতর লোক সমবেত হয়েছিল, এবং এই সভার দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হয়েছিল।
সিংহাসনে সমাসীনা রাজকন্যা সভায় প্রবেশ করলেন এবং বাহকগণ তাকে সভামধ্যে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে যেতে লাগল। রাজকন্যা কারো দিকে ভ্রূক্ষেপ

