Chapter (অধ্যায়): কর্তব্য কি? পৃষ্ঠা ৭৪Page: 74 of 320


আপনার কি করতে পারি?’তখন সন্ন্যাসী তাকে আত্মা ও পরমাত্মা সম্বন্ধে কতকগুলি প্রশ্ন করলেন, তার উত্তরে ব্যাধ যে উপদেশ দিল,মহাভারত-গ্রন্থের অংশরূপে তা ‘ব্যাধগীতা’ নামে প্রসিদ্ধ। এই ব্যাধগীতা চূড়ান্ত বেদান্ত-দর্শনের চরম সীমা। তোমরা ভগবদ্‌গীতার নাম শুনেছ, সেটা শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবদ্‌গীতা পাঠ শেষ করে তোমাদের এই ব্যাধগীতা পাঠ করা উচিত। সেটা বেদান্ত-দর্শনের চূড়ান্ত ভাব।

ব্যাধের উপদেশ শেষ হলে সন্ন্যাসী অতিশয় বিস্মিত হলেন এবং বললেন,‘আপনার এত উচ্চ জ্ঞান, তবু আপনি এই ব্যাধদেহ অবলম্বন করে এরকম কুৎসিৎ কাজ করছেন কেন?’ তখন ব্যাধ উত্তর করল,‘বৎস, কোন কাজই অসৎ নয়, কোন কাজই অপবিত্র নয়। এই কাজ আমার জন্মগত, এ আমার প্রারব্ধ-লব্ধ। আমি ছোটবেলায় এই ব্যবসায় শিখি। অনাসক্তভাবে আমি আমার কর্তব্যগুলি ভালভাবে করবার চেষ্টা করি; আমি গৃহস্থের ধর্ম পালন করি ও বাবা মাকে যথাসাধ্য সুখী করবার চেষ্টা করি। আমি যোগ জানি না এবং সন্ন্যাসীও হই নি। আমি কখনও সংসার ত্যাগ করে বনে যাই নি। তবু সমাজে আমার অবস্থা অনুযায়ী কর্তব্য অনাসক্তভাবে করেই আমার এই জ্ঞান জন্মেছে।’

ভারতে এক জ্ঞানী মহাপুরুষ আছেন, তিনি উচ্চ অবস্থার যোগী।১ আমি জীবনে যে-সব অতি বিস্ময়কর মানুষ দেখেছি, ইনি তাঁদের একজন। ইনি এক অসাধারণ ব্যক্তি; কখনও কাউকেও উপদেশ দেন না; কেউ কোন প্রশ্ন করলে তিনি তার উত্তর দেবেন না। আচার্যের পদ গ্রহণ করতে তিনি অত্যন্ত সঙ্কুচিত-কখনও সেটা গ্রহণ করবেন না। তাঁকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে কিছুদিন অপেক্ষা করতে হবে, কথাবার্তার মধ্যে তিনি নিজেই সে বিষয় উত্থাপন করবেন এবং ঐ তত্ত্ব-সন্মন্ধে অপূর্ব আলোক সম্পাত করবেন। তিনি আমাকে এক সময়ে কর্মের রহস্য সম্বন্ধে বলেন,‘যন্ সাধন তন্ সিদ্ধি’২-যখন তুমি কোন কাজ করছ,তখন আর অন্য কিছু ভেব না; পুজোরূপে-সর্বোচ্চপুজোরূপে সেটার অনুষ্ঠান কর এবং সেই সময়ের জন্য সেটাতে সমগ্র মন-প্রাণ অর্পণ কর।

দেখ, উক্ত গল্পে ব্যাধ এবং নারী আনন্দে ও সর্বান্তঃকরোণে নিজ কর্তব্য কর্ম করতেন, ফলে তাঁরা জ্ঞান লাভ করেছিলেন। সেটা দ্বারা স্পষ্ট প্রমাণিত হল,গার্হস্থ্য বা সন্ন্যাস-যে-কোন আশ্রমের কর্তব্যই হোক না কেন,যথার্থ অনাসক্তভাবে অনুষ্ঠিত হলে আমরা আত্মজ্ঞান-বিষয়ক চরম অনুভূতি লাভ করব।

আমাদের কর্তব্য প্রধানত আমাদের পারিপার্শ্বিক অবস্থা দ্বারা নির্ধারিত হয়।



Foot Note:

১ গাজিপুরের পওহারী বাবা; ১৮৯৮ খ্রীঃ ইনি দেহত্যাগ করেন।
২ যা সাধন তাই সিদ্ধি-উদ্দেশ্য ও উপায় এক।