Chapter (অধ্যায়): বহুত্বে একত্ব পৃষ্ঠা - ১১৭Page: 117 of 389


সব জায়গায়ই এই অবস্থা। তোমাদের ভোগের ধারণাও অনেক পরিমাণে বিকাশপ্রাপ্ত হয়েছে, তোমাদের সমাজও অন্যান্য সমাজ থেকে অনেক সুন্দর। তোমাদের ভোগেরও নানাবিধ উপায় আছে। কিন্তু যাদের এরকম ভোগের উপকরণ অল্প, তাদের আবার তোমাদের অপেক্ষা দুঃখ অল্প। এরকমই সব জায়গায় দেখতে পাবে। তোমার মনে যতদূর উচ্চাভিলাষ থাকবে, তোমার তত বেশী সুখ, আবার সেই পরিমাণেই দুঃখ। একটা যেমন অপরটির ছায়াস্বরূপ। অশুভ চলে যাচ্ছে, এটা সত্যি হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুভও চলে যাচ্ছে, বলতে হবে। কিন্তু বাস্তবেপক্ষে দুঃখ যেমন একদিকে কমছে, তেমনি কি আবার অন্যদিকে কোটিগুণ বাড়ছে না? আসল কথা এই, সুখ যদি সমযুক্তান্তর নিয়মানুসারে বাড়তে থাকে, দুঃখ তা হলে সমগুণিতান্তর নিয়মানুসারে বাড়ছে, বলতে হবে। এটার নামই মায়া। এটা কেবল সুখবাদ নয়, কেবল দুঃখবাদও নয়। বেদান্ত বলে না যে, জগৎ কেবল দুঃখময়। এরকম বলাই ভুল। আবার এই জগৎ সুখ-স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, এরকম বলাও ঠিক নয়। এই জগৎ কেবল মধুময়—এখানে কেবল সুখ, এখানে কেবল ফুল, এখানে কেবল সৌন্দর্য, কেবল মধু—ছেলেদেরকে এরকম শিক্ষা দেওয়া ভুল। আমরা সারা জীবনটাই এই রূপ স্বপ্ন দেখি। আবার কোন ব্যক্তি অন্যের অপেক্ষা বেশি দুঃখভোগ করেছে বলে সবই দুঃখময়, বলাও ভুল। জগৎ এই দ্বৈতভাবপূর্ণ ভাল-মন্দের খেলা। বেদান্ত আবার এটার উপর আর একটা কথা বলে। মনে করো না যে, ভালো-খারাপ দুটো সম্পূর্ণ পৃথক বস্তু, বাস্তবে তারা একই বস্তু, সেই এক বস্তুই বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে আবির্ভূত হয়ে এক ব্যক্তিরই মনে বিভিন্ন ভাব সৃষ্টি করছে। অতএব বেদান্তের প্রথম কাজই হয়েছে, এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাইরের জগতের মধ্যে একত্ব আবিষ্কার করা। পারসীকদের মত—দুটো দেবতা মিলে জগৎ সৃষ্টি করেছেন; এ মতটি অবশ্য অতি অনুন্নত মনের পরিচায়ক। তাঁদের মতে ভাল দেবতা যিনি, তিনি সব সুখ বিধান করছেন, আর খারাপ দেবতা সব খারাপ বিষয় বিধান করছেন। এটা যে অসম্ভব, তা তো স্পষ্টই মনে হয়েছে; কারণ বাস্তবে এই নিয়মে কাজ হলে প্রত্যেক প্রাকৃতিক নিয়মেরই দুটো করে অংশ থাকবে—কখনো একজন দেবতা তা চালাচ্ছেন, তিনি সরে গেলেন, আবার আর একজন এসে উপস্থিত হলেন। কিন্তু আসলে আমরা দেখতে পাই, যে-শক্তি আমাদেরকে খাদ্য দিচ্ছে, তাই আবার দৈবদুর্বিপাক দ্বারা অনেককে সংহার করছে। এই মত স্বীকার করলে আর একটা মুশকিল হয় এই যে, একই সময়ে দুই জন দেবতা কাজ করছেন। এক জায়গায় এক দেবতা কারও উপকার করছেন, অন্য জায়গায় অন্য দেবতা কারও অপকার করছেন। অথচ দুইজনে আপনাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখছেন—এটা কি করে হতে পারে? অবশ্য এ মত জগতের দ্বৈততত্ত্ব প্রকাশ করার খুব অপরিণত প্রণালীমাত্র—এটাতে কোন সন্দেহ নেই।



Foot Note: