Chapter (অধ্যায়): জ্ঞানলাভের সোপানশ্রেণী পৃষ্ঠা - ৩০২Page: 302 of 389


তাকে একজন বিশিষ্ট অধ্যাপকের সঙ্গে তুলনা কর—অধ্যাপকটির কি অদ্ভুত ক্ষমতা! কিন্তু তিনি   তার  বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ; এবং একই সময়ে তিনি  একটি শয়তান ও প্রখরবুদ্ধিবৃত্তিসম্পন্ন লোক হতে  পারেন, কিন্তু হৃদয়বান ব্যক্তি কখনও শয়তান হতে পারে না। আবেগে পূর্ণ কোন ব্যক্তি কখনও শয়তান হয় না। ঠিক ঠিক অনুশীলন করলে হৃদয়বৃত্তির পরিবর্তন হয় এবং এটা  বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে অনুপ্রেরণায় রূপান্তরিত হবে। সর্বশেষে মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করতে হবো। মানুষের জ্ঞান, যুক্তি, অনুভব, বুদ্ধি ও হৃদয়বৃত্তির শক্তি—এ সবই জগদ্রূপ দুগ্ধমন্থনে ব্যস্ত। দীর্ঘকালব্যাপী মন্থনের পর আসে মাখন; এবং ঈশ্বরই সেই মাখন। যারা  হৃদয়বান তারা ঐ মাখনই লাভ করেন এবং বুদ্ধিজীবীর জন্য পড়ে থাকে শুধু ঘোলা বা মাখন-তোলা দুধ।

     এগুলিই হৃদয়ের প্রস্তুতি—সেই প্রেম, হৃদয়ের সেই গভীর সহানুভূতির প্রস্তুতি। ভগবানের নিকট পৌঁছাবার জন্য শিক্ষিত অথবা পণ্ডিত হবার একেবারেই প্রয়োজন নেই । জনৈক মহাপুরুষ একবার আমাকে বলেছিলেন, 'অপরকে বধ করবার জন্য ঢাল-তরবারির প্রয়োজন, কিন্তু নিজেকে বধ করবার জন্য একটি সূচই যথেষ্ট। সুতরাং অপরকে শিক্ষা দেবার জন্য প্রচুর বুদ্ধি ও জ্ঞানের যতটুকু প্রয়োজন, তোমার আত্মবিকাশের জন্য ততটা নয়।' তুমি কি পবিত্র? তুমি যদি পবিত্র হও, তাহলে  তুমি ঈশ্বরের নিকট পৌঁছাবে। 'যাদের হৃদয় পবিত্র, তারা ধন্য; কেন না তারা ঈশ্বরকে দর্শন করবে ।' তুমি যদি পবিত্র না হও, অথচ সকল বিজ্ঞান তোমার অধিগত হয়, তাহলে  তা মোটেই তোমার সহায়ক হবে না। যে-সকল গ্রন্থ তুমি পড়, তাতে ডুবে থাকতে পারো; কিন্তু তা তোমার বিশেষ কাজে লাগবে না। হৃদয়ই লক্ষে পৌঁছাতে পারে। হৃদয়ের পথ অনুসরণ কর। পবিত্র হৃদয়ের দৃষ্টি বুদ্ধির বাইরে প্রসারিত। এটা  একটি বিশেষ প্রেরণায় উদ্বুদ্ধ হয়; যা-সকল বিষয় কখনও বুদ্ধিবৃত্তির গম্য নয়, তা এই হৃদয় উপলব্ধি করে। যখনই নির্মল হৃদয় ও বুদ্ধিবৃত্তির মধ্যে বিরোধ উপস্থিত হয়, তখন সর্বাবস্থাতেই নির্মল হৃদয়ের পক্ষ অবলম্বন করবে, যদিও তুমি মনে কর, হৃদয় যা করছে তা  অযৌক্তিক। যখন তোমার হৃদয় অপরের উপকার করতে ইচ্ছুক, তখন তোমার বুদ্ধিবৃত্তি হয়তো তোমাকে বলবে, এইরূপ করা সুবিবেচনার পরিচায়ক নয়; এই অবস্থায় কিন্তু হৃদয়কেই মানিয়ে চলবে। তাহলে  দেখতে পাবে , বুদ্ধিকে অনুসরণ করে  তোমার যতটুকু ভ্রান্তি হয়ে থাকে, তা অপেক্ষা ভ্রান্তির পরিমাণ তোমার অল্পই হয়েছে । শ্রেষ্ঠ দর্পণরূপ পবিত্র হৃদয়ে সত্য প্রতিফলিত হয়, সুতরাং এই-সকল যমনিয়মাদির অভ্যাস হৃদয়ের পবিত্রতা সম্পাদনের জন্যই। যখনই চিত্ত শুদ্ধ হয়, মুহূর্তের মধ্যেই সকল তত্ত্ব, সকল সত্য আপন ভাস্বর মহিমায় প্রকাশিত হয়।



Foot Note:

১ তুলনীয় মীরাভজনঃ মাখনঘৃত কাড়ি লেত ছাঁচ পিয়ে কোই

২ Sermon on the Mount, St. Matt. V. S.